বরিশাল প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের ব্যানারে ‘ঢাকা দখলের’ উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সহায়তায় তাকে আটক করার পর পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আসাদ মোল্লা (৩০) উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর আসাদ মোল্লা তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের পক্ষে উসকানিমূলকভাবে ‘ঢাকা দখল’ সংক্রান্ত একটি পোস্ট দেন। এই পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
পোস্টটি ভাইরাল হওয়ার পর গত শনিবার (১ নভেম্বর) রাতে উপজেলার গুঠিয়া বন্দর এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আসাদ মোল্লাকে আটক করেন। এ খবর ছড়িয়ে পড়লে উজিরপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।
ওসি মো. রকিবুল ইসলাম জানান, আসাদ মোল্লার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত একটি মামলার সঙ্গে সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ওই মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার সকালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

