বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় স্বীকারোক্তিমূলক স্ট্যাটাস দেওয়ায় রাজিব চন্দ্র দাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া সেই পোস্টের সূত্র ধরেই প্রযুক্তির সহায়তায় তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।
রোববার (১ নভেম্বর) গভীর রাতে রাজধানীর উত্তরার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ সংলগ্ন একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মিরপুর-১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর আন্দোলন চলাকালে মেট্রোরেল স্টেশনের ঠিক নিচে পুলিশের একটি টহল গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার পরপরই অভিযুক্ত রাজিব চন্দ্র দাস তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অগ্নিসংযোগের বিষয়টি স্বীকার করে একটি পোস্ট দেন। মুহূর্তের মধ্যেই পোস্টটি ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজিবের অবস্থান শনাক্ত করে উত্তরা পশ্চিম থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে নিজ বাসা থেকে আটক করে।
ওসি খালিদ মনসুর জানান, আটককৃত যুবকের ফেসবুক পোস্টের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সাধারণ শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে কোনো স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাশকতার উদ্দেশ্যে গাড়িতে আগুন দিয়েছিল কিনা এবং রাজিব কোনো বিশেষ রাজনৈতিক বা উসকানিমূলক চক্রের সঙ্গে জড়িত কিনা, তা জানতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আটক রাজিবকে আদালতে সোপর্দ করে অধিকতর তদন্তের জন্য রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

