গভীর রাতে বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

0
গভীর রাতে বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বরিশাল প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর পৈতৃক বাসভবনে হামলা, ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাত আনুমানিক ৩টার দিকে নগরীর বটতলা এলাকার আদম আলী হাজির গলিতে অবস্থিত ওই বাসভবনে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর কবির নানক দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করায় এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকায় বরিশালের এই বাড়িটিতে বর্তমানে তার ভাইয়ের পরিবার বসবাস করে আসছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে একদল বিক্ষুব্ধ লোক মিছিলসহকারে আদম আলী হাজির গলিতে প্রবেশ করে নানকের বাসার সামনে জড়ো হন। প্রথমে তারা বাসাটি লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন, যাতে ভবনের সামনের অংশের বেশ কয়েকটি জানালার কাচ ভেঙে চুরমার হয়ে যায়।

ভাঙচুরের একপর্যায়ে হামলাকারীরা ভবনের নিচতলায় অবস্থিত নিরাপত্তারক্ষীর (গার্ড) কক্ষে আগুন ধরিয়ে দেন এবং বাসার ফটকের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও অগ্নিসংযোগ করেন। তবে স্থানীয়দের তৎপরতা ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসায় গার্ড রুমের আংশিক ক্ষতি ছাড়া ভবনের মূল অংশে বা ভেতরে থাকা পরিবারের সদস্যদের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর এলাকায় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার জানান, “নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে—এমন একটি খবর আমরা শুনেছি। তবে ঠিক কারা এ ঘটনার সঙ্গে জড়িত বা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতা জাহাঙ্গীর কবির নানক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।