বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

0
বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে রংপুরে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন

জয়নাল আবেদীন: রংপুরের আদি শহর মাহিগঞ্জে বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটালটি রোববার থেকে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হসপিটাল নামে নতুন মোড়কে যাত্রা শুরু করেছে। রোববার বেলা ১টায় আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রংপুর সিটি প্রশাসক ও রংপুর মহানগর বিএনপি‘র সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।"সুস্থ মা, সুস্থ শিশুর স্বাস্থ্যসেবায় এগিয়ে রংপুর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) উদ্যোগে শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালে নিয়মিত গাইনি, প্রসূতি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হবে ।

রংপুর বেতারের সংবাদ পাঠিকা মীফতাহুল জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রংপুরের মহানগর সভাপতি ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ।

এ সময় বক্তব্য রাখেন রংপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার অনিমা মল্লিক, শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতালের সহকারী সার্জন ডা. ইসমত নিগার স্বপ্না, ৩০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মালেক নিয়াজ আরজু, স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর কবীর রাজু, আহসানুল কবীব আংগুর, আলহাজ লোকমান হোসেন মোল্লা এবং রংপুর মহানগর বিএনপির ৩০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি খায়রুল আলম।

আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. নাঈমুল হক, স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ আলীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে স্থানীয়রা হাসপাতালের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের দাবি জানান। এ সময় নিয়মিত প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে একজন গাইনি বিশেষজ্ঞ একজন মেডিসিন বিশেষজ্ঞ ও একজন শিশু রোগ বিশেষজ্ঞ নিয়োগের পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স প্রদানের দাবি উত্থাপন করেন তারা।

সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রম চালুর ফলে হাসপাতালটিতে নিয়মিত গাইনি ও প্রসূতি স্বাস্থ্যসেবার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।রংপুর সিটি কর্পোরেশনের এ উদ্যোগের মধ্য দিয়ে নগরবাসীর জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হলো।উল্লেখ্য নব্বই দশকে রংপুর পৌসরসভার তৎকালীন চেয়ারম্যান সরফউদ্দিন আহমেদ ঝন্টুর অনুরোধে তারই বন্ধু শিল্পপতি টিপু মুন্সীর ৩০লাখ টাকা অনুদানে বঙ্গবন্ধু মেমোরিয়াল নামে রংপুরের আদি শহর মাহিগঞ্জে নির্মাণ করা হয় ।

২৪‘র জুলাই পটপরিবর্তনে বঙ্গবন্ধু মেমোরিয়াল হসপিটালটি শহীদ আবু সাঈদ মেমোরিয়াল নামে নতুন করে সেবা কার্যক্রম শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশন ।