যশোর প্রতিনিধি: যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোগা ইউনিয়নের গোগা বাগানপাড়া কবরস্থান থেকে এসব বোমা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক কবর জিয়ারত করতে গিয়ে কবরের ভেতরে দুটি বালতিতে লাল কসটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি শার্শা থানা পুলিশকে জানান।
খবর পেয়ে এসআই জাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

