পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (৪৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে অভিযান চালিয়ে পীরগাছা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুনুর রশিদ উপজেলার অনন্তরাম কসাইটারি এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম আকন্দ বলেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানান, অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

