পটুয়াখালীর বাউফলে যুবককে পিটিয়ে হত্যা স্বজনদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

0
পটুয়াখালীর বাউফলে যুবককে পিটিয়ে হত্যা স্বজনদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের একটি নতুন চরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত সহিংসতায় নিহত উজ্জল কর্মকার (৪০) ছিলেন সম্পূর্ণ নিরপরাধ। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, আর স্বজনরা দাবি তুলেছেন দৃষ্টান্তমূলক বিচারের।

নিহত উজ্জলের বাড়ি উপজেলার কালাইয়া বন্দর এলাকায়। পেশায় তিনি স্বর্ণশিল্পী ছিলেন। স্থানীয়দের ভাষ্য, শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত উজ্জলের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধ বা মামলা ছিল না।

উপজেলার মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন চারপাশে তেঁতুলিয়া নদী বেষ্টিত একটি ইউনিয়নের নাম চন্দ্রদ্বীপ। উপজেলা থেকে যোগাযোগের একমাত্র পথ নৌপথ। ছোট লঞ্চে আধাঘন্টা পাড়ি দিয়ে যেতে হয় চন্দ্রদ্বীপে। ওই চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার পূর্ব পাশের তেঁতুলিয়া নদীতে নতুন চর জেগেছে। সেখানেও ইঞ্জিন চালিত ট্রলারে করে যেতে সময় লাগে ১৫ থেকে ২০ মিনিট। ওই চরের কৃষক ফিরোজকে গত মঙ্গলবার (৩১ মার্চ) উপজেলার মূল ভূ-খন্ড থেকে কয়েক যুবক গিয়ে পিটিয়ে আহত করে। ওই ঘটনাকে কেন্দ্র করে তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করে ফিরোজের স্বজন ও স্থানীয় কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে উজ্জলকে মৃত ঘোষণা করে দায়িত্বে থাকা চিকিৎসক।

উজ্জলকে বহন করা ইঞ্জিন চালিত নৌকার চালক চন্দ্রদ্বীপের সরকারি পুকুরপাড়ের গুচ্ছগ্রামের বাসিন্দা মো. আশরাফ হাওলাদার (৩৫) জানান, তার ট্রলারে করে ঘটনার দিন মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের দিকে কালাইয়া বন্দরের ব্যবসায়ী মো. সিরাজুল ইসলামের ছেলে মো. মিজানুর রহমান (৪৫) ও উজ্জল কর্মকারসহ পাঁচজন চরওয়াডেলের পূর্ব পাশের চরে যান। তখন উজ্জলের সঙ্গে তার (আশরাফ) কথা হয়। উজ্জল তখন তাকে জানিয়ে ছিলেন জীবনে কখনও এই চরে আসেননি। তাদের (মিজান) সঙ্গে এসেছেন ঘুরতে এবং যাবার সময় তরমুজ ক্রয় করে নিয়ে যাবেন। নৌকা থেকে চরে নেমে মিজানুর ও তার সঙ্গে থাকা শামীম নামের আরেকজন তরমুজ চাষী ফিরোজ গাজীর সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে ফিরোজ গাজীকে মারধর করেন মিজানুর ও শামীম। কিন্তু উজ্জল কোনো মারামারি কিংবা কথা-কাটাকাটিতেও ছিলেন না। বরং তিনি সবাইকে শান্ত হতে বলেন।