পীরের খাদেম’ পরিচয়ে ফুঁ, ব্যাংক থেকে তোলা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা; প্রতারক আটক

0
পীরের খাদেম’ পরিচয়ে ফুঁ, ব্যাংক থেকে তোলা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা; প্রতারক আটক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ‘বড় পীরের খাদেম’ পরিচয়ে এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে শমশেরনগর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী জরিনা বেগম জানান, তিনি শমশেরনগর সোনালী ব্যাংক শাখা থেকে ২৯ হাজার ৯ শত টাকা উত্তোলন করে ব্যাংক থেকে বের হচ্ছিলেন। ঠিক তখনই দুইজন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে নিজেদের ‘বড় পীরের খাদেম’ পরিচয় দিয়ে সালাম দেয় এবং অত্যন্ত ভদ্র আচরণে কথা বলতে শুরু করে।

একপর্যায়ে তারা নানা ধর্মীয় ও অলৌকিক বিষয় তুলে ধরে জরিনা বেগমকে বিশ্বাস করানোর চেষ্টা করে। তারা দাবি করে, তাদের ‘ফুঁ’ দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে, যার মাধ্যমে মানুষের বিপদ-আপদ দূর করা যায় এবং অর্থ-সম্পদ বৃদ্ধি পায়। এই কথায় জরিনা বেগম কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন।

সুযোগ বুঝে প্রতারকরা তার হাতে থাকা টাকার দিকে নজর দেয় এবং কৌশলে টাকা নিজেদের হাতে নিয়ে নেয়। পরে হঠাৎ জরিনা বেগমের সন্দেহ হলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।

স্থানীয় জনতা দ্রুত ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি হাবিব মিয়া (৩০), তিনি কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে বলে জানা গেছে। তবে তার সঙ্গে থাকা অপর সহযোগী টাকা নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা আটক ব্যক্তিকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় এবং পুলিশের কাছে হস্তান্তর করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ পারভেজ বলেন, “ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পলাতক অপর সহযোগীকেও শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় এ ধরনের প্রতারণার ঘটনা বেড়েছে। বিশেষ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হওয়া নারী ও বয়স্ক মানুষদের টার্গেট করে প্রতারক চক্র সক্রিয় রয়েছে। তারা সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং অপরিচিত লোকের কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।