সাতক্ষীরায় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের পর নারীকে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

0
সাতক্ষীরায় স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের পর নারীকে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন বীথিকা রানী ঘোষ (৪৫) নামের এক বিধবা নারী। দুর্বৃত্তরা তার গয়না লুটে নেওয়ার পর মাথায় ও কপালে ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বীথিকা রানী ঘোষ মাগুরা কুলুপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ঘোষের স্ত্রী। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি নিজ বাড়ি থেকে তার মুদি দোকানের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

দুর্বৃত্তরা বীথিকা রানীর মাথায় ও কপালে ভারী ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে। তার শরীরে থাকা স্বর্ণের রুলি, গলার চেইন এবং কানের দুল ছিনিয়ে নেয় ঘাতকরা। হত্যার পর চিহ্ন মুছে ফেলতে মরদেহটি পাশের একটি পুকুরে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা।

নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি হেফাজতে নেয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান সংবাদমাধ্যমকে জানান: “আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করেছি। এটি যে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা প্রাথমিকভাবে স্পষ্ট। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

নিহতের পরিবার বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। পুলিশ জানিয়েছে, ছিনতাইকারী ও খুনিদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি দীর্ঘ দিন ধরে স্বামীর মৃত্যুর পর একাই দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এই হত্যাকাণ্ডে পুরো মাগুরা গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।