ফটিকছড়িতে তিন সন্তানের জননীকে হত্যার অভিযোগ: বিয়াই আটক

0
ফটিকছড়িতে তিন সন্তানের জননীকে হত্যার অভিযোগ: বিয়াই আটক

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে লাকি আক্তার (৩৮) নামে তিন সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার রাতে উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত লাকি আক্তার স্থানীয় আবদুল কাদেরের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশের পাহাড়ি এলাকায় গবাদিপশু আনতে গিয়ে আর ঘরে ফেরেননি তিনি। দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে লাকির মেয়ের শ্বশুর (বিয়াই) মো. ছাফাকে জিজ্ঞাসাবাদ করেন স্থানীয়রা। একপর্যায়ে তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানা গেছে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছাফাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফটিকছড়ি থানা সূত্রে জানানো হয় “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বিরোধ এবং অনৈতিক প্রস্তাবকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে এমন নৃশংস ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।”

নিহতের স্বজনরা এই ঘটনায় ভেঙে পড়েছেন। তারা দ্রুত ও সুষ্ঠু বিচার এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার গভীর তদন্ত চলছে এবং খুব শীঘ্রই এই মামলার বিস্তারিত চার্জশিট গঠন করা হবে।