জয়নাল আবেদীন: রংপুর মহানগরীর ধাপ কটকিপাড়া এলাকায় কর্মজীবী এক নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে জমি বিক্রির টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে চার যুবককে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ ও ধাপ ফাঁড়ির যৌথ টিম। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক নারী সম্প্রতি তিনি তিন লাখ ৬০ হাজার টাকায় একটি জমি বিক্রি করেন। মঙ্গলবার বিকেলে ওই টাকা ব্যাংকে জমা রেখে ধাপ কটকিপাড়া এলাকার একটি হোটেলের পেছনে অবস্থিত ভাড়া বাসায় ফেরেন। এদিকে সন্ধ্যার পর স্থানীয় কয়েক যুবক জোরপূর্বক তাঁর বাসায় প্রবেশ করে ঘরে মাদক রয়েছে দাবি করে তল্লাশি শুরু করে। একপর্যায়ে তারা তোষকের নিচে ইয়াবা পাওয়া গেছে বলে দাবি করে এবং বিষয়টি মীমাংসার কথা বলে টাকা দাবি করে। এতে রাজি না হলে ওই নারীকে মারধর করা হয়। পাশাপাশি তাঁর ব্যাংকের চেক বইয়ের পাতাও নিয়ে নেয় যুবকরা। ওই নারী আরো জানায় জমি বিক্রির টাকার সন্ধানে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র তছনছ করা হয়। পরিস্থিতি বুঝতে পেরে বাড়ির মালিক গোপনে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে খোদ পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ দ্রুত নির্দেশনা পেয়ে মহানগর ডিবির একটি দল ও ধাপ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ব্যাপক তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ইয়াবাসদৃশ বস্তগুলো প্রাথমিক পরীক্ষায় ভুয়া বলে প্রতীয়মান হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন মিনহাজ আহমেদ, মহিম হাসান শাহরিয়ার সরকার ও আব্দুল মজিদ । তাঁদের সবার বাড়ি নগরীর ধাপ কটকিপাড়া এলাকায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে, মাদক দিয়ে ফাঁসানোর নাটক সাজিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং নিরীহ মানুষকে হয়রানি করার বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। তিনি নগরবাসীকে যেকোনো সন্দেহজনক কর্মকান্ড সম্পর্কে দ্রুত পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, পেশাদারিত্ব, সততা ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

