
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এবং তার অন্তঃসত্ত্বা পুত্রবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
আজ বুধবার (৩ জুন) ভোর চারটার দিকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী উকিলপাড়ার নিজ বাসভবনে এই ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু সপরিবারে ভরামুহুরী উকিলপাড়ার এই বাড়িতেই বসবাস করেন। তবে ঘটনার সময় তিনি ও তার স্ত্রী চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় তাদের নবনির্মিত অন্য একটি বাড়িতে অবস্থান করছিলেন। অন্যদিকে, তার দুই ছেলেও ব্যবসায়িক জরুরি কাজে বাড়ির বাইরে ছিলেন।
পুরুষশূন্য বাড়ির এই সুযোগটিই নেয় অপরাধীরা। ভোর চারটার দিকে ৬ সদস্যের একটি সুসংগঠিত ডাকাত দল ভবনের জানালার লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
ঘরে ঢুকেই ডাকাত দল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে বাড়িতে থাকা অ্যাডভোকেট মিন্টুর অন্তঃসত্ত্বা পুত্রবধূ, তার শিশু সন্তান এবং বাড়ির গৃহকর্মীকে। অস্ত্রের ভয় দেখিয়ে সবাইকে এক কোণে স্তব্ধ করে রাখা হয়, যাতে কেউ চিৎকার করতে না পারে।
এরপর ডাকাতরা ঘরের ভেতরের আলমারির তালা ভেঙে ভেতরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং ৩টি মূল্যবান মোবাইল ফোন লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়। অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু নিজেই গণমাধ্যমকে এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন।
আইনজীবী নেতার বাড়িতে ডাকাতির খবর ছড়িয়ে পড়লে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে আলামত সংগ্রহ করে। ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক ধরণের নিরাপত্তা আতঙ্ক বিরাজ করছে।
চক্রিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন “খবর পাওয়ার পরপরই থানা পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। এই ঘটনায় মামলার পাশাপাশি পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
