খুলনা ব্যুরো: খুলনা মহানগরীতে অপরাধের নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে এক মহাতৎপরতা শুরু করেছে প্রশাসন। মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র দুই প্রধান সহযোগীসহ মোট ৫৯ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত মধ্যরাত ১২টা থেকে শুরু হয়ে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
পুলিশের বিশেষ সূত্রে জানা গেছে, এবারের অভিযানের অন্যতম বড় সাফল্য হলো মহানগরীর শীর্ষ ও চিহ্নিত সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র অন্যতম দুই বিশ্বস্ত সহযোগী—কসাই লিটন ও রিফাতকে গ্রেপ্তার করা। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই সন্ত্রাসীকে জালে তোলে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।
কেএমপির মিডিয়া সেল জানায়, পুলিশ কমিশনারের প্রত্যক্ষ নির্দেশনায় মহানগরীর ৮টি থানা ও ডিবি পুলিশ একযোগে এই অ্যাকশনে নামে। এলাকাভিত্তিক গ্রেপ্তারের তালিকা হলো: খালিশপুর থানা ১৬ জন, খুলনা সদর ও সোনাডাঙ্গা মডেল থানা ২৬ জন (১৩ জন করে), দৌলতপুর থানা ৮ জন, লবণচরা থানা ৬ জন, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ২ জন (কসাই লিটন ও রিফাত), হরিণটানা থানা ১ জন
খুলনা শহরের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গত দুদিন আগে কেএমপি সদর দপ্তরে এক উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় মাদক কারবারি, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার সিদ্ধান্ত হয়।
এই বিশেষ ক্র্যাকডাউনে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি র্যাব-৬, খুলনা জেলা পুলিশ এবং ৩-এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) যৌথভাবে অংশ নিচ্ছে। নিখুঁত গোয়েন্দা তথ্যের (Intelligence-led policing) ভিত্তিতে এই তালিকাভুক্ত অপরাধীদের আস্তানায় হানা দেওয়া হচ্ছে।
কেএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ৫৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের ভিত্তিতে মামলা দায়ের ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মহানগরীকে সম্পূর্ণ অপরাধমুক্ত না করা পর্যন্ত যৌথ বাহিনীর এই চিরুনি অভিযান ও টহল আরও জোরদার করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

