রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেফতার -১

0
রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের অভিযোগে গ্রেফতার -১

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে মিছিল ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ| এ ঘটনায় ভিডিও ফুটেজের ভিত্তিতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে|

রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ- পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান| তিনি জানান, গত ২ জুন দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ৫০ মিনিটের মধ্যে শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া এলাকার একটি পরিত্যক্ত দলীয় কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল এবং বিভিন্ন স্লোগান দেয়| এ সময় এলাকায় আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয় বলে অভিযোগ করা হয়েছে| গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন দিকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়| পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে স্থানীয় সাক্ষীদের তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্ত করা হয়|

এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে শাহমখদুম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ| এ মামলায় জড়িত থাকার অভিযোগে মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাতুলকে (২১), গ্রেফতার করা হয়| তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকার বাসিন্দা বাবুর ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের একজন কর্মী| পুলিশের দাবি, আসামিরা পরস্পরের যোগসাজশে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, সরকারবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং উসকানিমূলক প্রচারণার উদ্দেশ্যে ওই সমাবেশ ও মিছিলের আয়োজন করে|

শাহমখদুম থানা পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে|#