শেরপুর প্রতিবেদক: শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকসহ বিপুল পরিমাণ চোরাই ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে উপজেলার কর্ণজোড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, নিয়মিত টহলের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণজোড়া এলাকায় একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালায় বিজিবির টহল দল। তল্লাশিকালে ইজিবাইকটি থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তে যেকোনো ধরনের অপরাধ মোকাবিলায় বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং এই নজরদারি আরও জোরদার করা হবে।

