বিনোদন ডেস্ক: দেশের বিনোদন অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া—সবখানেই এখন টক অব দ্য টাউন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বেশ কয়েকটি অডিও কল ফাঁস হওয়া এবং নিজের সন্তানের পিতৃত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনায় এবার আর চুপ থাকতে পারলেন না ‘অগ্নিকন্যা’খ্যাত এই অভিনেত্রী। তীব্র ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এক বিস্ফোরক ভিডিওবার্তায় সমাজের মুখোশধারী প্রভাবশালী ও সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ এনেছেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘অসভ্য মুরাদ ও বিহারীদের গাত্রদাহ। সবাইকে একবার শুনার অনুরোধ জানাচ্ছি, এটা একটা নায়িকা না, একজন মায়ের অনুরোধ।’
ফাঁস হওয়া অডিও ক্লিপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিকে যারা দোষারোপ করছেন, তাদের দিকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই অভিনেত্রী। নিজের অবস্থান পরিষ্কার করে মাহি বলেন, “আপনারা কি এতটুকুও বোঝেন না? অডিওতে তো স্পষ্ট শোনা যাচ্ছে, উনি (ডা. মুরাদ হাসান) বলছেন— ‘ও তো আমার ফোন ধরবে না।’ তার মানে আমি তার ফোন ধরতাম না। আমাকে তিনি সরাসরি ফোনে পেতেন না বলেই অন্য একজনের ফোন ব্যবহার করে কথা বলেছেন। আমি তো তাকে অনেক আগেই ব্লক করে রেখেছিলাম।”
সাবেক প্রতিমন্ত্রীর ক্ষমতার দাপট ও উত্যক্ত করার ভয়াবহ চিত্র তুলে ধরে মাহি বলেন, “অডিওতে উনি স্পষ্টভাবে বলছেন— ‘র্যাব পাঠাবো, পুলিশ পাঠাবো, এনএসআই পাঠাবো, ডিজিএফআই পাঠাবো।’ আমাদের মধ্যে যদি সম্পর্ক ভালোই থাকত, তাহলে কি উনি এসব রাষ্ট্রীয় বাহিনী দিয়ে তুলে নেওয়ার ভয় দেখাতেন? আমি তাকে এতটাই এড়িয়ে চলতাম যে, আমাকে কাবু করতে উনাকে এসবের ভয় দেখাতে হয়েছে।”
মাহি অভিযোগ করেন, সেই দুঃসহ সময়ে তিনি শোবিজ অঙ্গনের অনেক প্রভাবশালী মানুষের কাছেই সাহায্যের জন্য আকুতি জানিয়েছিলেন। তিনি বলেন, “আমি যাদের চিনতাম, যারা আমাকে সাহায্য করতে পারতেন, সবাইকে জানিয়েছি যে উনি (ডা. মুরাদ হাসান) আমাকে বিরক্ত করছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অনেক সহকর্মীও বিষয়টি জানতেন।”
তিনি আরও জানান, মিডিয়ার কিছু সহকর্মী মাঝরাতে তাকে ফোন করে ডা. মুরাদের সঙ্গে জোর করে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করতেন। পরবর্তীতে তারা মাহিকে সতর্ক করে বলেছিলেন, রাত ১১টার পর যেন মাহি তাদের ফোন রিসিভ না করেন, কারণ ওই সময়ে মন্ত্রী তাদের সামনে বসে থাকতেন। মাহি আক্ষেপ করে বলেন, “সবাইকে বলেছি উনি আমাকে ডিস্টার্ব করছেন। কিন্তু সবাই অসহায়ত্ব প্রকাশ করে বলত— ‘উনি তো মন্ত্রী, আমাদের কী করার আছে?’
চিত্রনায়িকা মাহির এই বিস্ফোরক ভিডিওবার্তা প্রকাশের পর নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। সাধারণ ভক্ত থেকে শুরু করে সহকর্মীদের অনেকেই মাহির এই সাহসিকতাকে সাধুবাদ জানাচ্ছেন, আবার অনেকে পুরো বিষয়টি নিয়ে নতুন করে কাটাছেঁড়া করছেন। তবে মাহি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একজন মা এবং একজন নারী হিসেবে নিজের আত্মসম্মান রক্ষার্থেই তিনি আজ এই সত্য সবার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছেন।

