রাজশাহীতে হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন ভর্তি ২৩

0
রাজশাহীতে হাম পরিস্থিতি উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, নতুন ভর্তি ২৩

মাসুদ রানা রাব্বানী: রাজশাহীতে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে| গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে|

একই সময়ে নতুন করে ২৩ জন রোগী হাম রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন| বুধবার (৮ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে| হাসপাতাল সূত্র জানায়, গত এক দিনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন রোগী|

বর্তমানে রামেক হাসপাতালে সাসপেক্টেড হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন| রামেক হাসপাতালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৫২ জন সাসপেক্টেড হাম রোগী ভর্তি হয়েছেন| এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৬ জনের| রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, হাম পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন|

চিকিৎসকরা সতর্ক করে জানিয়েছেন, সময়মতো টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে| তারা অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন|