ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা: তেল আবিবসহ কাঁপছে ৩ শহর, আহত ৫

0
ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা: তেল আবিবসহ কাঁপছে ৩ শহর, আহত ৫

আন্তরজাতিক ডেস্ক; মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। দীর্ঘ ১৬ দিনের সংঘাতের পর আজ রোববার (১৫ মার্চ) ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি ব্যাপক হামলা চালিয়েছে ইরান। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন বৃষ্টির ফলে রাজধানী তেল আবিবসহ ইসরায়েলের অন্তত তিনটি বড় শহর কেঁপে উঠেছে বলে খবর পাওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের এই আকস্মিক ও শক্তিশালী হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। প্রাথমিক তথ্যানুযায়ী, ক্ষেপণাস্ত্রের আঘাতে এই অঞ্চলে ২ জন গুরুতর আহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে আরও ৩ ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলের দক্ষিণতম এই শহরে ক্লাস্টার বোমা বহনকারী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম-এর বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে ৫০ বছর বয়সী দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের মোট সংখ্যা এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মাত্রা এখনো নিরূপণ করা হচ্ছে।

এবারের হামলায় ইরান উন্নত প্রযুক্তির ক্লাস্টার বোমা (Cluster Bomb) যুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। ইলাতের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের আকাশে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হলেও সেটির ভেতরে থাকা অসংখ্য ‘সাবমিউনিশন’ বা উপ-বোমা মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ে। এর ফলে সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করলেও, জনবহুল শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সংঘাতের ১৬তম দিনে এসে ইরানের এই সরাসরি হামলাকে বিশ্লেষকরা আঞ্চলিক যুদ্ধের একটি বড় সংকেত হিসেবে দেখছেন। ইরান এই হামলাকে “ইহুদিবাদী ভূখণ্ডের অপরাধের জবাব” হিসেবে অভিহিত করে তাদের অভিযানের সাফল্য দাবি করেছে। অন্যদিকে, ইসরায়েল এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।