আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ৮ শিশু প্রাণ হারিয়েছে। রোববার (১৯ এপ্রিল) ভোরে ঘটে যাওয়া এই নারকীয় হত্যাকাণ্ডকে ‘পারিবারিক কলহপ্রসূত সহিংসতা’ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। নিহত শিশুদের বয়স মাত্র ১ থেকে ১৪ বছরের মধ্যে।
শ্রিভপোর্ট পুলিশ প্রধান ওয়াইনি স্মিথ জানিয়েছেন, হামলাটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং একটি পরিকল্পিত পারিবারিক আক্রোশ থেকে শুরু হয়। বন্দুকধারী তিনটি পৃথক স্থানে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মোট ১০ জন গুলিবিদ্ধ হয়, যাদের মধ্যে ৮ জন শিশু ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহতদের মধ্যে কয়েকজন হামলাকারীর নিকটাত্মীয় বলে নিশ্চিত হওয়া গেছে।
হামলা চালানোর পর সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। পুলিশ দ্রুত তাকে ধাওয়া করলে শুরু হয় রুদ্ধশ্বাস অভিযান। পার্শ্ববর্তী বোজিয়ার সিটিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে বন্দুকধারী নিহত হয়। তবে লুইজিয়ানা স্টেট পুলিশ নিশ্চিত করেছে যে, এই অভিযানে কোনো পুলিশ সদস্য হতাহত হননি।
এই নজিরবিহীন নিষ্ঠুরতায় স্তব্ধ হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশ প্রধান স্মিথ আবেগময় কণ্ঠে বলেন, “এটি এমন এক ভয়াবহ পরিস্থিতি যা আমাদের অভিজ্ঞ কর্মকর্তাদেরও মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। এমন দৃশ্য আমরা আগে কখনো দেখিনি।”
লুইজিয়ানা স্টেট পুলিশ ও স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলো সম্মিলিতভাবে এই ট্র্যাজেডির তদন্ত শুরু করেছে। পুলিশ সাধারণ জনগণের কাছে অনুরোধ জানিয়েছে ঘটনার সময়কার কোনো ছবি বা ভিডিও থাকলে তা সরবরাহ করতে। সন্দেহভাজন ব্যক্তির পূর্ববর্তী গতিবিধি সম্পর্কে কোনো তথ্য থাকলে শেয়ার করতে।
যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বন্দুক সহিংসতার মাঝে একই পরিবারের এতগুলো শিশুর প্রাণহানি দেশজুড়ে নতুন করে শোক ও বিতর্কের সৃষ্টি করেছে।

