নারায়ণগঞ্জের সাত খুন: তারেক সাঈদের জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে, জানালেন অ্যাটর্নি জেনারেল

0
নারায়ণগঞ্জের সাত খুন: তারেক সাঈদের জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে, জানালেন অ্যাটর্নি জেনারেল

আদালত প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‍্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশনস) জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য ও নির্দেশনার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। মামলার প্রধান আসামিদের একজন র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের প্রত্যক্ষ ভূমিকা ও নির্দেশনার বিষয়টি উঠে এসেছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, “তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, তৎকালীন র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র‍্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।”

জিয়াউল আহসানের ভূমিকার বিস্তারিত তুলে ধরে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, “২০১৩ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে র‍্যাব-১১-এর কমান্ডিং অফিসার হিসেবে যোগ দেন তারেক সাঈদ। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, র‍্যাবের অপারেশনাল নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত সন্ত্রাসীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সদর দপ্তরের এডিজি (অপারেশনস) কর্নেল জিয়ার অনুমতি নিতে হতো। নিজ উদ্যোগে কোনো ব্যাটালিয়ন অধিনায়কের গ্রেপ্তারের এখতিয়ার ছিল না।”

তিনি আরও জানান, ২০১৪ সালের মার্চে র‍্যাব সদর দপ্তরে অনুষ্ঠিত সিও কনফারেন্সে কর্নেল জিয়াউল আহসান তাকে সন্ত্রাসীদের একটি তালিকা দেন। ওই তালিকায় নারায়ণগঞ্জের তৎকালীন কাউন্সিলর নজরুল ইসলামের নাম ছিল এবং নামের পাশে বিশেষ চিহ্ন দেওয়া ছিল। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে পাঠানোর নির্দেশনাও দিয়েছিলেন জিয়াউল আহসান। পরবর্তীতে কোম্পানি কমান্ডারদের সম্মেলনে ওই তালিকা জানিয়ে চিহ্নিত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশ দেন তারেক সাঈদ।

সাত খুনের ঘটনার ভয়াবহতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, “এটি দেশের এমন একটি বর্বরোচিত অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। জবানবন্দি অনুযায়ী, প্রথমে নজরুল ইসলামসহ পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয় এবং মরদেহ যেন পানিতে ভেসে উঠতে না পারে, সেজন্য পেট চিরে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।”

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক জানান, হত্যাকাণ্ডের সময় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এ মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শুনানিতে তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়েছে।

জিয়াউল আহসানকে কেন এ মামলায় আসামি করা হয়নি—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এই মামলার বিচার হয়েছে এবং মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম ও দায়িত্বের বিষয়টি এসেছে। তাকে আসামি না করার কারণে ইতিমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই। রাষ্ট্রপক্ষ এ মামলায় হাইকোর্টের দেওয়া ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন এবং ৯ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায় বহাল রাখার পক্ষে অনড় অবস্থান নিয়েছে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, জনগণের ন্যায়বিচারের প্রত্যাশা পূরণে নভেম্বর ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে আপিল বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে চারটি আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার শুনানি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। মামলাগুলো হলো নারায়ণগঞ্জের সাত খুন মামলা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা, মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা, পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলা

আজ দিনভর রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি উপস্থাপন করেছে। আগামীকাল বৃহস্পতিবারও সাত খুন মামলার আপিল শুনানি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়।