তবুও তোমার প্রেম চাই সকাতরে – গোলাম কবির

0

তবুও তোমার প্রেম চাই সকাতরে 
গোলাম কবির

জানি,একটি আমৃত্যু সাধনার নাম প্রেম।
তাই বারেবারেই তোমার দরজার সামনে
হাঁটু মুড়ে বসে থাকি সকাতরে
শুধু একটু প্রেম পাবো বলে!

ফিরিয়ে দিলেও ঘুরে ফিরে কেঁদে কেঁদে
বারবারই ফিরে আসি কারণ তুমি ছাড়া
বলো আর কে আছে আমার!

তোমার অলৌকিক দরজার বাইরে দাঁড়িয়ে
থেকে কড়া নাড়ি প্রবেশের অনুমতির জন্য,
দোহাই তোমার ফিরিয়ে দিও না আর!

তোমার প্রেম পেতে যদি মৃত্যু আসে,
আসুক তবে ভয় করি না মরণের,
তবুও তোমার প্রেম চাই সকাতরে।