কাগজ প্রতিবেদক: বাংলাদেশ-ভারতের মধ্যকার অমীমাংসিত তিস্তা চুক্তি প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, এ চুক্তি নিয়ে আগের অবস্থানে অনড় ভারত। প্রতিশ্রুতি মোতাবেক আমরা এ চুক্তি করে যাবো।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ-ভারত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, ৫৪টি নদী নিয়ে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায়, তার ফর্মুলা খুঁজছে দুই দেশ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের সব ধরনের উন্নয়ন কাজে আমাদের সর্বাত্মক সহায়তা থাকবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসামে নাগরিকপুঞ্জি বা এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি নিয়ে কথা বলার কিছু নেই।
রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, সবার সুবিধার কথা ভেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্ব দেবে ভারত।

