রাজাকারের তালিকা করতে ৬০ পয়সাও খরচ হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

0
রাজাকারের তালিকা করতে ৬০ পয়সাও খরচ হয়নি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: রাজাকারের তালিকা তৈরি করতে ৬০ পয়সাও খরচ হয়নি বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
বৃহস্পতিবার সকালে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।
প্রকাশিত রাজাকারের তালিকা তৈরি করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার দিনভর এমন সংবাদ প্রকাশিত হয়।
এ বিষয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, শুনেছি কারও কাছে, কেউ বলছেন– রাজাকারের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। ৬০ কোটি টাকা তো নয়-ই, ৬০ পয়সাও খরচ হয়নি।
৬০ কোটি টাকা খরচের কথা যারা বলছেন, তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মোজাম্মেল হক বলেন, যারা বলছেন– তাদের প্রমাণ দিতে হবে। প্রমাণ দিতে না পারলে তারা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করবেন, না হয় তাদের বিরুদ্ধে মানহানি মামলা করা হবে। ৬০ কোটির জায়গায় ৬০ পয়সাও খরচ হয়নি।
এ সময় পুনরায় যাচাই-বাছাই করে সময় নিয়ে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।