বাংলাদেশ প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যতক্ষণ বাংলাদেশ ও এদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, ততক্ষণ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে।
তিনি বলেছেন, কুচক্রী মহল তাদের নিজস্ব ও ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যে গণ্ডগোল পাকিয়েছিল, জনগণ সেটি গ্রহণ করেনি।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারত সরকারের দেয়া উপহারের দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৮০টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে, কোনো দুর্ঘটনা ঘটেনি। বাংলাদেশ কখনোই সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। বঙ্গবন্ধু যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই সংবিধানের কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, কোভিড-১৯-এর দ্বিতীয় ঢেউয়ের সময় ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বন্ধু হিসেবে জনগণের কল্যাণের জন্য ভারত সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ঘনিষ্ঠ আত্মীয় ও আজীবন বন্ধু।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাসুদ বিন মোমেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ ও পুলিশ সুপার মো. আনিসুর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ভারত সরকারের পক্ষ থেকে এই দুটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেয়া হয়।

