কামাল সিদ্দিকী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহন, রেগুলার লাইনের বাস ও প্রাইভেটকারের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। গণপরিবহনের বাস, কার চলাচলে বাধা থাকবে না।
অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা নিষেধাজ্ঞায় শিথিলতা আনা হয়েছে। তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশকিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে বলবৎ।
আজ (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এ কথা বলেন।
তিনি আরো বলেন, এবার আমরা নির্বাচন কমিশনারের মতামত নিয়ে যানবাহন চলাচলের উপড় এর আগে যে সব কঠোরতা ছিল, সেটা শিথিল করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে একজন মানুষ ভোটকেন্দ্রে যেতে গেলে তার একটি যানবাহন প্রয়োজন হয়। যে সমস্ত যানবাহনগুলো মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার হয় সেগুলোর চলাচলের বৈধতা দেওয়া হয়েছে। এই সংক্রান্ত সার্কুলারও দ্রুত পাওয়া যাবে বলেও তিনি বলেছেন।

