তিন দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়ার স্বাস্থ্য

0
তিন দিন ধরে একই অবস্থায় খালেদা জিয়ার স্বাস্থ্যে

বাংলাদেশ প্রতিবেদকঃ গত তিন দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা একই পর্যায়ে আছে জানিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সুপারিশের ওপর নির্ভর করবে বিদেশে নেয়ার সিদ্ধান্ত। শনিবার (২৯ নভেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও আমেরিকাসহ বিভিন্ন দেশের হাসপাতালের চিকিৎসকদের যৌথ আলাপ আলোচনার ভিত্তিতে এখানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং অব্যাহত থাকবে। ডা. জোবায়দা রহমান দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয় করছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন তিনি (খালেদা জিয়া) তা গ্রহণ করতে পারছেন।

খালেদা জিয়ার জন্য উদ্বিগ্ন বহু মানুষ এভার কেয়ারে ভিড় করছেন- এ বিষয়ে ডা. জাহিদ বলেন, এই হাসপাতালে বেগম খালেদা জিয়া ছাড়াও তিন শতাধিক রোগী ভর্তি আছেন। হাসপাতালে চিকিৎসক, নার্স ও রোগীদের আসা-যাওয়া করতে হয়। এই অবস্থায় এখানে ভিড় করলে অন্যদের চিকিৎসাসেবা ব্যহত হবে। তাই কাউকেই হাসপাতাল এলাকায় না আসার জন্য অনুরোধ করছি। আপনারা নিজ নিজ অবস্থান থেকেই উনার জন্য দোয়া করেন।

তিনি বলেন, গত ২৭ তারিখ থেকে বেগম খালেদা জিয়াকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। উনার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিকভাবে যুক্ত আছেন তার ছেলে তারেক রহমান। মেডিকেল বোর্ড ও বিদেশি চিকিৎসকদের সাথে যোগাযোগের বিষয়টি তারেক রহমানের সহধর্মিণী জোবায়দা রহমান দেখভাল করছেন। আর হাসপাতালে তার পরিবারের সদস্যরা রয়েছেন।