পূর্বাচল এখন ঢাকার অংশ, বাতিল এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

0
পূর্বাচল এখন ঢাকার অংশ, বাতিল এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা: মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত

বাংলাদেশ প্রতিবেদকঃ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু যুগান্তকারী ও সাহসী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশাসনিক সংস্কার থেকে শুরু করে জনস্বার্থ রক্ষা এবং রাষ্ট্রীয় ব্যয় সংকোচনে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

প্রশাসনিক জটিলতা নিরসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে পুরোপুরি ঢাকার প্রশাসনিক কাঠামোর আওতায় আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

পূর্বাচল এখন থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার অধীনে থাকবে। প্রকল্পের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জ অংশকে ঢাকা জেলার ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স ও বর্জ্য ব্যবস্থাপনার মতো সেবাগুলো কোনো ঝক্কি ছাড়াই এক জায়গা থেকে পাওয়া যাবে।

বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করার প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় এক বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ও বিরোধী দলের ১০ জন সদস্যের সমন্বয়ে একটি ‘জ্বালানিবিষয়ক’ কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী।

প্রশাসনিক ও আন্তর্জাতিক সমন্বয় সাধনে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে: দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের কাজে লাগাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা (যথাক্রমে ৬৫ ও ৬৭ বছর) তুলে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক চা দিবসের (২১ মে) সাথে মিল রেখে বাংলাদেশের জাতীয় চা দিবসের তারিখ ৪ জুনের পরিবর্তে এখন থেকে ২১ মে পালিত হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদ সদস্যদের বিশেষ সুবিধা বাতিল এবং পূর্বাচলের প্রশাসনিক একীভূতকরণ সরকারের সংস্কারমুখী ও জনবান্ধব অবস্থানেরই প্রতিফলন।