কমলাপুরে উপচেপড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বিত যাত্রায় ক্ষোভ ও প্রতীক্ষার ঈদ আনন্দ

0
কমলাপুরে উপচেপড়া ভিড়, ৫ ট্রেনের বিলম্বিত যাত্রায় ক্ষোভ ও প্রতীক্ষার ঈদ আনন্দ

বাংলাদেশ প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিক সরকারি ছুটি শুরু হয়েছে আজ থেকে। আর ছুটির প্রথম দিনেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। ভোর থেকেই স্টেশনের প্ল্যাটফর্ম ছাড়িয়ে বাইরের পার্কিং এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে ঘরমুখো মানুষের দীর্ঘ সারি। তবে ঈদযাত্রার এই উৎসবমুখর আমেজের মাঝেই উত্তরাঞ্চলগামীসহ ৫টি ট্রেনের আকস্মিক শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন হাজারো যাত্রী।

আজ সোমবার সকাল থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের এই উপচেপড়া ভিড় দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, স্টেশনে শৃঙ্খলা বজায় রাখতে এবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশমুখে বাঁশের তৈরি বিশেষ ব্যারিকেড দিয়ে তিন স্তরের চেকিং পার হতে হচ্ছে যাত্রীদের। জাতীয় পরিচয়পত্র (NID) ও টিকিট মিলিয়ে দেখার পর টিকিটধারী যাত্রীদেরই কেবল প্ল্যাটফর্মে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। বিনা টিকিটে ও ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ করতে রেলওয়ে পুলিশ ও আনসার সদস্যদের কঠোর অবস্থানে দেখা গেছে।

দিনের শুরুতেই কয়েকটি ট্রেনের বিলম্বিত সূচির কারণে প্ল্যাটফর্মে তিল ধারণের জায়গা ছিল না। হাজারো মানুষ শিডিউল বোর্ডের দিকে তাকিয়ে উদগ্রীব হয়ে অপেক্ষা করছিলেন।

রংপুর এক্সপ্রেস: সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও স্টেশনে বিলম্বে আসায় এটির সম্ভাব্য সময় দেওয়া হয় ১০টা ৫০ মিনিট। তিতাস কমিউটার: ব্রাহ্মণবাড়িয়াগামী এই ট্রেনটি ৯টা ৪৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১০টা ৪০ মিনিটে প্ল্যাটফর্ম ত্যাগ করে।

ধূমকেতু ও নীলসাগর এক্সপ্রেস: সকাল ৬টার ধূমকেতু এক্সপ্রেস আধা ঘণ্টা পিছিয়ে এবং ৬টা ৪৫ মিনিটের নীলসাগর এক্সপ্রেস দীর্ঘ বিলম্বের পর সকাল ৮টা ১০ মিনিটে স্টেশন ছাড়ে।

একতা এক্সপ্রেস: সকাল ১০টা ১৫ মিনিটের ট্রেনটি নির্ধারিত সময় পার হয়ে গেলেও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি।

হঠাৎ ট্রেনের এই বিলম্বের কারণ হিসেবে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন জানান, ঈদযাত্রা সামগ্রিকভাবে নির্বিঘ্ন রয়েছে এবং বেশিরভাগ ট্রেন সময়মতো চলছে। তবে কিছু ট্রেনের ক্ষেত্রে ‘অপারেশনাল ডিলে’ হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন এলাকায় রেললাইনের ওপর স্থানীয়দের ধান ও খড় শুকানোর কারণে দুর্ঘটনা এড়াতে ট্রেনগুলোকে ধীরগতিতে চালাতে হচ্ছে। এর ফলেই মূলত উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোর শিডিউলে কিছুটা তারতম্য ঘটেছে।

রংপুর এক্সপ্রেসের যাত্রী মহিউদ্দিন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরিবারকে আগেই পাঠিয়ে দিয়েছি। গতকাল অফিস শেষ করে জ্যামের জন্য বের হতে পারিনি। আজ ১ ঘণ্টা আগে স্টেশনে এসেও ট্রেনের দেখা পাচ্ছি না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকাটাই এখন বড় কষ্ট।”

অন্যদিকে জয়ন্তিকা এক্সপ্রেসের যাত্রী সিহাব বলেন, “ঢাকার রাস্তার জ্যামের ওপর ভরসা নেই, তাই ৩ ঘণ্টা হাতে নিয়ে বের হয়েছি। ১১টা ১৫ মিনিটে ট্রেন। কিন্তু অন্য ট্রেনের লেট দেখে নিজের ট্রেন নিয়েও শঙ্কায় আছি।”

স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সোমবার সারাদিনে কমলাপুর থেকে মোট ৬৭টি ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে ৪৪টি আন্তঃনগর এবং বাকি ২৩টি মেইল ও কমিউটার ট্রেন। এছাড়া ঈদযাত্রার বিশাল চাপ সামাল দিতে আগামীকাল মঙ্গলবার থেকে বিশেষ ‘ঈদ স্পেশাল’ ট্রেন পুরোদমে চালু হবে বলে জানিয়েছে রেলওয়ে প্রশাসন।