সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে ‘ইয়াসিন বাহিনী’র দুঃসাহসিক হামলা: আড়াই ঘণ্টা ধরে গোলাগুলি, অবরুদ্ধ পাহাড়ি জনপদে চিরুনি অভিযান

0
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে 'ইয়াসিন বাহিনী'র দুঃসাহসিক হামলা: আড়াই ঘণ্টা ধরে গোলাগুলি, অবরুদ্ধ পাহাড়ি জনপদে চিরুনি অভিযান

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্পে অতর্কিত সশস্ত্র হামলা চালিয়েছে কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র সন্ত্রাসীরা। রোববার দিবাগত রাত ১টার দিকে যৌথবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে আকস্মিক গুলিবর্ষণ শুরু করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাল্টা জবাব দিলে উভয়পক্ষের মধ্যে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী থমথমে ও শ্বাসরুদ্ধকর গোলাগুলির ঘটনা ঘটে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পুরো জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা অবরুদ্ধ করে চারদিক থেকে সাঁড়াশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।

স্থানীয় সূত্র এবং সংশ্লিষ্ট বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ করেই পাহাড়ের আড়াল থেকে যৌথবাহিনীর ক্যাম্প লক্ষ্য করে ভারী ও হালকা অস্ত্র থেকে গুলিবর্ষণ শুরু করে ইয়াসিন বাহিনীর সদস্যরা। অতর্কিত এই হামলায় ক্যাম্পে থাকা সদস্যরা দ্রুত পজিশন নেন। শুরুতে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব সদস্যরা অ-প্রাণঘাতী অস্ত্র (নমনীয় বা নন-লেথাল উইপন) ব্যবহার করেন।

তবে এতেও দমে যায়নি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীটি। ফলে রাত সাড়ে ৩টা পর্যন্ত আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে ওই দুর্গম পাহাড়ি এলাকায় থেমে থেমে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলতে থাকে। তবে এ ঘটনায় যৌথবাহিনীর কোনো সদস্য হতাহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।

গোলাগুলির তীব্রতা কমে আসার পর মধ্যরাত থেকেই জঙ্গল সলিমপুরের বিশাল খাসজমির চারপাশ সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে অংশ নেওয়া শত শত সদস্য এখন ধাপে ধাপে পাহাড়ের ভেতরের দিকে ও সন্ত্রাসীদের গোপন আস্তানার দিকে অগ্রসর হচ্ছেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান “ক্যাম্পে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলমান রয়েছে। অপরাধীদের ধরতে কৌশলগতভাবে এগোচ্ছেন সদস্যরা। অভিযান শেষ না হওয়া পর্যন্ত আটক বা উদ্ধার সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া যাচ্ছে না। তবে সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

ভৌগোলিক ও কৌশলগত কারণে চট্টগ্রাম নগর সংলগ্ন সীতাকুণ্ডের এই পাহাড়ি জনপদটি অপরাধীদের নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এলাকাটিতে প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি খাসজমি রয়েছে, যা জঙ্গল সলিমপুর ও আলীনগর—এই দুই অংশে বিভক্ত। দীর্ঘদিন ধরে এই বিশাল খাসজমি অবৈধভাবে দখল করে প্লট বাণিজ্য, মাদক চোরাচালান ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ করছে বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসী গোষ্ঠী। এর মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ ও আলোচিত হচ্ছে ‘ইয়াসিন বাহিনী’।

এর আগে বিভিন্ন সময়ে পুলিশ বা স্থানীয় প্রশাসন এই পাহাড়ে উদ্ধার অভিযান চালাতে গেলে উল্টো হামলার শিকার হতে হয়েছে। অতীতে সন্ত্রাসীদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য নিহত হওয়ার রেকর্ডও রয়েছে।

দীর্ঘদিন পর, গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রায় ৩ হাজার ২০০ সদস্যের এক বিশাল বহর একযোগে মেগা অপারেশন চালিয়ে এই দুর্গম এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল।

৯ মার্চের অভিযানের পর এলাকাটি যৌথবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও, গতকাল রাতের এই দুঃসাহসিক হামলার ঘটনা প্রমাণ করে যে আত্মগোপনে থাকা সন্ত্রাসীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। পাহাড়ের বর্তমান থমথমে পরিস্থিতিতে স্থানীয় সাধারণ বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে যৌথবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত এই অ্যাকশন অপারেশন অব্যাহত থাকবে।