বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের ব্যাংক খাত থেকে যারা টাকা লুটপাট ও পাচার করেছে, তাদের বিদেশ থেকে ফিরিয়ে এনে ‘ডিম থেরাপি’ দিয়ে কঠোর শাস্তি ও টাকা আদায়ের দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।
বুধবার (৮ জুলাই) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে বক্তব্যদানকালে তিনি এই দাবি জানান। কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের মাধ্যমে তিনি অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে রেহানা আক্তার রানু বলেন, “যারা গ্রাহকের টাকা লুট করেছে, ওই সকল ব্যাংক ডাকাত-ব্যাংক লুটেরাদের কোনো ক্ষমা নেই। তারা পৃথিবীর যেখানেই থাকুক, ফিরিয়ে এনে তাদের ‘ডিম থেরাপি’ দিয়ে টাকা আদায় করতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংক থেকে টাকা লুট হলে মানুষ কোথায় যাবে? দেশের কয়েকটি ব্যাংকের অনিয়ম, দুর্নীতি এবং মালিকপক্ষের অর্থপাচারের কারণে আজ লাখ লাখ আমানতকারী তাদের কষ্টের টাকা তুলতে পারছে না। টাকার অভাবে মানুষ সময়মতো চিকিৎসা করতে পারছে না, অনেকে মৃত্যুবরণ করছেন। অথচ লুটেরা মালিকপক্ষ বিদেশে পালিয়ে আরামে জীবনযাপন করছে।” আমানতকারীদের কান্না ও আর্তনাদের বিচার চেয়ে লুটেরা মালিকদের সমস্ত সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জোর দাবি জানান তিনি।
সংসদ সদস্যের এই জরুরি নোটিশের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ব্যাংকিং খাতের সংকট মোকাবিলায় সরকারের নেওয়া বড় পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, “একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বাংলাদেশে, একটি নির্বাচিত সরকার এই ব্যাপারে নীরব থাকতে পারে না।”
অর্থনীতির মেরুদণ্ড আর্থিক খাতকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সরকার ‘ব্যাংক রেজুলেশন আইন ২০২৬’ এর আওতায় একটি সুসংগঠিত বহুমাত্রিক রেজুলেশন কাঠামো প্রতিষ্ঠা করেছে বলে জানান অর্থমন্ত্রী।
তিনি উল্লেখ করেন, এই আইনের আওতায় ইতিমধ্যে সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক— এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক-কে একীভূত (Merge) করে একটি একক সম্মিলিত ‘ইসলামী ব্যাংক-পিএলসি’ গঠন করা হয়েছে।

