‘গ্রামের হাসপাতালেও নিশ্চিত করতে হবে উন্নত চিকিৎসা’ ঢামেক ডে-তে প্রধানমন্ত্রী তারেক রহমান

0
‘গ্রামের হাসপাতালেও নিশ্চিত করতে হবে উন্নত চিকিৎসা’

বাংলাদেশ প্রতিবেদকঃ দেশের চিকিৎসাসেবা কেবল রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার মহাপরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মানুষের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমাতে চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামেও সমান গুরুত্ব দিয়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) গৌরবময় ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন “আমরা তৃণমূল পর্যায়েও আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে চাই। সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই হবে না; চিকিৎসক, চিকিৎসা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ সবাইকে সম্মিলিতভাবে দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ঢাকার ওপর চাপ কমাতে জেলা-উপজেলার হাসপাতালগুলোর সেবার মান বাড়ানো জরুরি। আর এই লক্ষ্য বাস্তবায়নেই বর্তমান সরকার স্বাস্থ্যখাতের অবকাঠামো উন্নয়ন, দক্ষ জনবল বৃদ্ধি এবং প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ হাতে নিয়েছে।

অনুষ্ঠানের শুরুতে একটি বিশেষ প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত চিকিৎসকরা দেশের স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা ও চলমান চ্যালেঞ্জগুলো সরাসরি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা তুলে ধরে চিকিৎসকদের গ্রামীণ জনপদে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানান।

এর আগে সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে পৌঁছান এবং একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। দেশের শীর্ষস্থানীয় এই চিকিৎসা প্রতিষ্ঠানের ৮০ বছর পূর্তিকে কেন্দ্র করে গোটা ঢামেক ক্যাম্পাসে আজ সকাল থেকেই এক উৎসবমুখর ও বর্ণিল পরিবেশ বিরাজ করছে। প্রথিতযশা চিকিৎসক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঐতিহাসিক এই প্রাঙ্গণ।