দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের শর্তসাপেক্ষ জামিন: বাতিলের উদ্যোগে ল’ ফার্ম নিয়োগ সরকারের

0
দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীরের শর্তসাপেক্ষ জামিন: বাতিলের উদ্যোগে ল’ ফার্ম নিয়োগ সরকারের

রাজশাহী প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তার এই জামিন আদেশ বাতিলের জন্য এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমদ দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা শুনেছি। বিষয়টি জানার পরপরই দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। আমরা আদালতের জামিন আদেশের সার্টিফায়েড কপি (সত্যায়িত অনুলিপি) সংগ্রহের চেষ্টা করছি। তার জামিন বাতিল করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি আরও আশা প্রকাশ করে বলেন, “ল’ ফার্মটি এ ব্যাপারে ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই তাকে দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে।”

এর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পান বেনজীর আহমেদ। আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি কারামুক্ত হন এবং রোববার বিষয়টি প্রকাশ্যে আসে।

আদালতের শর্তসমূহ: বেনজীর আহমেদ আমিরাত ত্যাগ করতে পারবেন না। তার পাসপোর্ট দুবাই আদালতের হেফাজতে থাকবে। আদালতের বিশেষ অনুমতি ছাড়া তিনি কোনো অবস্থাতেই সংযুক্ত আরব আমিরাত ছাড়তে পারবেন না।

এদিকে বেনজীর আহমেদের জামিনে মুক্তির বিষয়ে বাংলাদেশ পুলিশের ইন্টারপোল শাখা—ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া পুলিশ সদরদপ্তরের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো মৌখিক বা লিখিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ও সরকারের পাঠানো প্রত্যর্পণ সংক্রান্ত নথি পর্যালোচনা করে দুবাইয়ের আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। তবে এ নিয়ে দুবাই কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।