বিজয়ী হলে জনপ্রতিনিধিদের জনসেবার সিস্টেম বদলানোর প্রতিশ্রুতি দিলেন এস এম ইয়াসির

0
বিজয়ী হলে জনপ্রতিনিধিদের জনসেবার সিস্টেম বদলানোর প্রতিশ্রুতি দিলেন এস এম ইয়াসির

জয়নাল আবেদীন: প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ সদর আসনে উপ-নির্বাচনে বিজয়ী হলে জনপ্রতিনিধিদের জনসেবার প্রথা বদলানোর প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির। সোমবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরীর মাঠে মহানগর জাতীয় পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। সংবাদ সম্মেলনে ইয়াসির বলেন, রংপুরের জনপ্রতিনিধিদের জনসেবার যে সিস্টেমটা আছে, আমি তা বদলাতে চাই। যদি আপনারা আমাকে সমর্থন দেন নির্বাচিত করেন। জনপ্রতিনিধিদের নিয়ে যে ভ্রান্তধারণা তা বদলাতে চাই। আমি কোন গরীব মানুষ-বড় লোক মানুষের মধ্যে ভেদাভেদ রাখব না। সবার জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে। তিনি বলেন, আমি তৃণমূল থেকে রাজনীতি করে আসছি। দলের চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ অনেকে আমাকে উপনির্বাচন করতে বলেছে। তাই আমি প্রস্ততি নিয়েছি। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমি রংপুরের মানুষের পাশে থাকতে চাই। আমার বাসা ঢাকায় নেই। আমি রংপুরের সন্তান, রংপুরেই থাকব। দল যদি আমাকে মনোনয়ন দেয়। আপনাদের সমর্থনে যদি বিজয়ী হতে পারি, আমি জনপ্রতিনিধি হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করব।প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসনে উপ-নির্বাচনে দলের যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলনটির আয়োজন করে রংপুর মহানগর জাতীয় পার্টির নেতা-কর্মীরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে এস এম ইয়াসিরকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানান মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন। ব্যতিক্রমি এই সংবাদ সম্মেলনের আগে মহানগরীর ২৫টি ওয়ার্ডসহ সদর উপজেলার জাতীয় পার্টির নেতা-কর্মী ও এরশাদভক্তরা খন্ড খন্ড মিছিল নিয়ে পাবলিক লাইব্রেরীর মাঠে আসতে থাকে। এতে সংবাদ সম্মেলন স্থলটি জনসমাবেশে রুপ নেয়। সংবাদ সম্মেলন শুরুর পূর্বে বক্তব্য রাখেন, দলের যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, রংপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন, রসিকের কাউন্সিলর হারুনুর রশিদ, নাসিমা আমিন, হাসনা বানু, সেকেন্দার আলী প্রমুখ