মার খেয়েও মামাকে জেতাতে পারলেন না রাব্বানী

0

বাংলাদেশ প্রতিবেদক: মাদারীপুরের রাজৈর উপজেলায় ইশিবপুর ইউনিয়নের নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। অপরদিকে নির্বাচনেও জিততে পারেননি তার মামা স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন আহমদ।

রোববার দেশজুড়ে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইশিবপুরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা পেয়েছেন তিন হাজার দু্ শ’ ৬২ ভোট। অপরদিকে গিটার প্রতীকের সালাহ উদ্দিন আহমদ পেয়েছেন দু্ই হাজার পাঁচ শ’ পাঁচ ভোট।

ইশিবপুর ইউনিয়নে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লার সমর্থকদের বিরুদ্ধে গোলাম রাব্বানীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বিকেলে ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সাত নং ভোটকেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে পরিদর্শনে যান কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী। এই সময় জালভোট দেয়া হচ্ছে এমন অভিযোগ এনে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেল প্রতীকের চেয়ারম্যান মোশারফ মোল্লার সমর্থকরা গোলাম রাব্বানীর ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করা হয়। রাব্বানীকে বাঁচাতে এগিয়ে আসলে তার দুই বন্ধুকেও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।

গুরুতর অবস্থায় গোলাম রাব্বানী ও তার বন্ধুদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেছেন রাব্বানী ও তার সহকর্মীরা।