জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

0
জামিনে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

গাজীপুর প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের একটি হত্যা চেষ্টার মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আজ রোববার সন্ধ্যায় শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্ত হন। এর আগে দুপুরে তাঁর জামিন মঞ্জুর করেন ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জানানো হয়, কারাগারে জামিননামা পৌঁছানোর পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সন্ধ্যায় শিরীন শারমিন চৌধুরীকে মুক্ত করা হয়েছে।

এর আগে ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওই দিনই তাঁকে জুলাই আন্দোলনের সময়কার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।