সাপাহার প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৩ নম্বর তিলনা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিলনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম।
দলীয় নেতাকর্মীদের দাবি, বিএনপির দুর্দিনে শাহ আলম উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন। ওই সময়ে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করে দলীয় নেতাকর্মীদের পাশে ছিলেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে তিনি ‘দুর্দিনের কান্ডারি’ হিসেবে পরিচিত।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শাহ আলম ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করছেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলছেন এবং দলীয় মনোনয়ন ও নির্বাচনে সমর্থনের পাশাপাশি সবার দোয়া কামনা করছেন।
গণসংযোগকালে শাহ আলম বলেন, “দীর্ঘদিন ধরে তিলনা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। বিএনপির নানা প্রতিকূল সময়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতিতে সক্রিয় থেকেছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার রাজনৈতিক পথচলার শক্তি।”
তিনি আরও বলেন, দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে তিলনা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও কৃষকের সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ করার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শাহ আলম বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই মানুষের সেবা করার জন্য। দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে একটি উন্নত, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

