মানিকগঞ্জে সড়ক দুঘটনায় নিহত জাহিদ দেখে যেতে পারলেননা অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের কন্যা

0

মুহ.মিজানুর রহমান বাদল : মানিকগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীর গর্ভের সন্তানটি মেয়ে এমন খুশি হয়েছিলেন দুই ছেলের বাবা মো. জাহিদ হাসান। কিন্তু বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে নিহত হলেন। কিন্তু সেই মেয়েকে আর দেখে যেতে পারলেন না জাহিদ।

বুধবার (১১ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় নিহত হন লেগুনা চালক জাহিদ(৩৩)। নিহতের পারিবারে দুই ছেলে আনাম ও আব্দুল্লাহ তার সন্তানসম্ভবা স্ত্রী সাবিনাসহ স্বজন-প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

জাহিদের ফুপু বলেন, ওর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা। দুই ছেলের পর মেয়ে হবে জেনে জাহিদ খুব খুশি হয়েছিল। কিন্তু সেই মেয়েকে দেখে যেতে পারল না। তার পরিবারের এখন কি হবে?
জাহিদের বাবা মোতালেব বলেন, আমার দুই নাতির কি হবে, মেয়ে সন্তান হবে, সে সন্তান জন্মের পর বাবাকে পাবে না।
জাহিদের প্রতিবেশী লুৎফর রহমান জানান, বুধবার সকালে তিনি হাঁটতে বেরিয়েছিলেন। পথে দেখতে পান মহাসড়কের পাশে লেগুনা থামিয়ে যাত্রী নামাচ্ছিলেন জাহিদ। তখনই পেছন থেকে আকিজ টেক্সটাইলের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় জাহিদসহ ছয় আরোহী নিয়ে লেগুনাটি পানি ও কচুরিপানা ভর্তি খাদে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিস আর স্থানীয়রা লেগুনাটি তুললে দেখা যায়, জাহিদ আর বেঁচে নেই।
গোলড়া হাইওয়ে থানার ওসি সুখেন্দু বিশ্বাস জানান, বুধবার সকাল ৮টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহিদসহ চার জন।

অন্যরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া পাথরাইল গ্রামের মৃত পরেশ চন্দ্রের ছেলে মহাদেব চন্দ্র (৫০), বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের মনসুর আলীর স্ত্রী মালেকা বেগম।

এ দুর্ঘটনায় নিহত চারজনের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল।