ঝিনাইদাহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি) পৃথক মাদকবিরোধী ও সীমান্ত নজরদারি অভিযানে ভারতীয় মদ ও মাদকসামগ্রী উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ শ্যামকুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১১১-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইলবাড়ীয়া গ্রামের মো. রাসেল মিয়ার বাঁশবাগানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। হাবিলদার মো. রেজাউল করিমের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।এছাড়া একই দিন ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৪-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের মো. সমিরের মেহগনি বাগানে অভিযান চালিয়ে ৩৪ বোতল ভারতীয় কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত সিরাপ (মাদক) উদ্ধার করা হয়। এ অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মো. কামরুল হাসান।
অপরদিকে, গত সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে শ্যামকুর বিওপি’র মাইলবাড়ীয়া মোড় চেকপোস্ট এলাকায় নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে দুই নারী বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে শ্রীনাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/১-এস সংলগ্ন শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামের কালী মন্দির সড়ক থেকে অবৈধ সীমান্ত পারাপারের সময় প্রদীপ কুমার (৬৩) নামের এক পুরুষ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

