শাহজাদপুরে চাচাদের বিরুদ্ধে ৫ বছরের ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

0
শাহজাদপুরে চাচাদের বিরুদ্ধে ৫ বছরের ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে হৃদয় সরদার নামের ৫ বছরের শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাড়িতে মাটি ভরাটকে কেন্দ্র করে ভাইদের মধ্যে দ্বন্দ্বের জের ধরে আপন চাচারা ৫ বছরের ভাতিজা হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে শাহজাদপুর উপজেলার যমুনা তীরবর্তী গালা ইউনিয়নের মারজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় (৫) পাশের আঙ্গিনার ফারুক সরদারের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত চাচারা ও তাদের পরিবারের লোকজন পলাতক রয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের মারজান গ্রামের হামিদ সরদার বাড়িতে টয়লেট নির্মাণের জন্য তার ভাই ফারুক সরদারের গোয়াল ঘর ঘেসে মাটি ভরাট করছিলেন । এ সময় ফারুক সরদার মাটি ফেলতে নিষেধ করলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এসময় হামিদ সরদারের পক্ষ নিয়ে তার অপর দুই ভাই পেশকার ও আশকার এবং তাদের ছেলেরা লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ফারুক সরদারকে আক্রমণ করে। একপর্যায়ে ফারুক সরদার তার পাঁচ বছরের সন্তান হৃদয়েকে কোলে নিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে চাচা হামিদ ও পেশকারের ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা হৃদয় গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে প্রতিবেশীরা গুরুতর আহতাবস্থায় হৃদয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত হৃদয়ের লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, ময়নাতদন্তের জন্য ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ওই ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এদিকে ঘটনার পর থেকে নিহতের চাচারা ও তাদের পরিবারের লোকজন পলাতক রয়েছে। এদিকে হৃদয়বিদারক এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পার্শ্ববর্তী এলাকার শত শত উৎসুক নারী-পুরুষ ঘটনাস্থলে ভীড় জমিয়েছে।