মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

0
মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জে র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন ২০২৬) জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমা নাহার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

এ সময় বক্তারা ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তারা সকলকে নিজ নিজ বাড়িঘর, আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। একই সঙ্গে কোথাও যেন অপরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।