বিএনপি নেতা বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন

0
বিএনপি নেতা অ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে শার্শায় মানববন্ধন

শার্শ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৬ জুন) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে শার্শা উপজেলা বিএনপির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে। তারা দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানান।

এ সময় বক্তারা শার্শার রাজনৈতিক ব্যক্তি মশিয়ার রহমানের ছেলে কনস্টেবল মামুন হাসান জুয়েলকে পুলিশ বাহিনী থেকে অপসারণের দাবি জানান।

তাদের অভিযোগ, ওই পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, মাদক ব্যবসা, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন পরিবারের সদস্যের পুলিশ বাহিনীতে চাকরি নিয়ে জনমনে প্রশ্ন সৃষ্টি হয়েছে বলেও তারা মন্তব্য করেন। বক্তারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষতা বজায় রেখে প্রকৃত ঘটনা তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানান সংশ্লিষ্টদের প্রতি।

মানববন্ধন শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৪ জুন বিকেলে শার্শায় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে গ্রেফতারের চেষ্টা চালায় থানা ও ডিবি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।