জয়নাল আবেদীনঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ইসলাম ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরির চেষ্টা করা হয়। অটোরিকশাটি নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পেয়ে যান গৃহকর্তা সোহেল মিয়া।
তিনি তৎক্ষণাৎ চিৎকার শুরু করলে চারপাশের মানুষ সজাগ হয়ে ওঠে। এরপর স্থানীয় একটি মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। ফজরের নামাজ আদায় করতে বের হওয়া মুসল্লিরাসহ আশপাশের বহু মানুষ মাইকের ঘোষণা শুনে অটোরিকশাসহ দুই চোরকে ধরতে এগিয়ে আসেন এবং ধাওয়া করেন।
স্থানীয়দের ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা চালান। তবে উত্তেজিত জনতা তাদের পিছু নেন। ধাওয়ার একপর্যায়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাদের ঘেরাও করে আটক করা হয়।
আটকের পর ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা তাদের ওপর চড়াও হন এবং গণপিটুনি দেন। অতিরিক্ত মারধরের ফলে ঘটনাস্থলেই ওই দুই ব্যক্তির মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, অটোরিকশা চুরির চুরির ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে ওই দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করার পর স্বজন ও অভিযোগকারীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধ দমনে স্থানীয় প্রশাসনকে সহায়তার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

