
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (০৮ জুন) ১১ টার সময় অধিদপ্তরের একটি বিশেষ দল অভিযান চালিয়ে রহনপুরের নুনগোলা কেডিসি পাড়া এলাকা থেকে আব্দুস সাত্তার (৭০) ও তার স্ত্রী সাজেদা বেগম (৪৭)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা। আদালত আব্দুস সাত্তারকে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, পৃথক ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি সাজেদা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুস সাত্তারের বিরুদ্ধে পূর্বে ৯টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
