পুলিশে আবার ফিরছে পুরোনো রঙ: সবার প্যান্ট ‘খাকি’, শার্টে আসছে পরিবর্তন

0
পুলিশে আবার ফিরছে পুরোনো রঙ: সবার প্যান্ট ‘খাকি’, শার্টে আসছে পরিবর্তন

বাংলাদেশ প্রতিবেদকঃ পুলিশের পোশাকে আবারও বড় ধরনের পরিবর্তন আসছে। বিগত বছরের ‘আয়রন’ বা লোহা রঙ ঝেড়ে ফেলে পুলিশ সদস্যরা পুনরায় তাদের চেনা ‘গাঢ় নীল’ এবং ‘হালকা জলপাই’ (লাইট অলিভ) রঙের সংমিশ্রণের পোশাকে ফিরে যাচ্ছেন। তবে পোশাকের রঙ আগের মতো হলেও এবার সব ইউনিটের পুলিশ সদস্যদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে খাকি রঙের প্যান্ট।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে সই করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদস্যদের দায়িত্ব ও ইউনিট ভেদে পোশাকের রঙ নির্ধারণ করা হয়েছে। জেলা ও অন্যান্য ইউনিট গাঢ় নীল (Dark Blue) খাকি (Khaki),সব মেট্রোপলিটন পুলিশ হালকা জলপাই (Light Olive) খাকি (Khaki)

পুলিশের বিশেষায়িত কিছু ইউনিট যেমন— এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি এবং র‍্যাব এই নতুন নির্দেশনার আওতামুক্ত থাকবে। অর্থাৎ, তাদের বর্তমান পোশাকে কোনো পরিবর্তন আসছে না।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে পুলিশ বাহিনীতে সংস্কারের জোরালো দাবি ওঠে। মাঠপর্যায়ের পুলিশ সদস্যসহ বিভিন্ন মহল থেকে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধার এবং পোশাক পরিবর্তনের দাবি জানানো হয়।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের প্রথম আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়। তখন সব সদস্যের জন্য ‘আয়রন’ বা লোহা রঙের পোশাক নির্ধারিত হয়। নতুন সেই আয়রন রঙের পোশাক পরে মাঠে নামে পুলিশ।

মাত্র কয়েক মাসের ব্যবধানে মাঠপর্যায়ের উপযোগিতা ও অন্যান্য দিক বিবেচনা করে আবারও পুরোনো রঙের সংমিশ্রণে (খাকি প্যান্টসহ) ফেরার সিদ্ধান্ত নিল পুলিশ সদর দপ্তর।

সংশ্লিষ্টরা মনে করছেন, খাকি প্যান্টের ঐতিহ্য এবং গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের পরিচিতি পুলিশের চেনা অবয়ব ফিরিয়ে আনতে সাহায্য করবে।