সেলফি পরিবহনের বাস অলৌকিক রক্ষা: অল্পের জন্য নদীতে পড়া থেকে বাঁচল 

0
সেলফি পরিবহনের বাস অলৌকিক রক্ষা: অল্পের জন্য নদীতে পড়া থেকে বাঁচল 

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বড় ধরনের বিপর্যয় থেকে অলৌকিকভাবে রক্ষা পেয়েছে ‘সেলফি পরিবহন’ ব্যান্ডের একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনের অংশ পদ্মা নদীর তীরের দিকে বিপজ্জনকভাবে ঝুলে পড়লেও অলৌকিকভাবে সেটি নদীতে পড়ে যায়নি। পরবর্তীতে বিআইডব্লিউটিসির একটি শক্তিশালী রেকারের সাহায্যে প্রায় দেড় ঘণ্টার শ্বাসরুদ্ধকর চেষ্টায় বাসটিকে নিরাপদে সড়কে টেনে তোলা হয়।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাটের ‘হাই ওয়াটার লেভেল’ এলাকায় এই রোমহর্ষক ঘটনাটি ঘটে। তবে ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই মিলেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী আব্দুর রশিদ জানান, সেলফি পরিবহনের বাসটি ঘাটে ট্রিপের সিরিয়ালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। সিরিয়াল আসার পর চালক যখন বাসটি স্ট্যান্ডের দিকে নেওয়ার জন্য স্টার্ট দেন, ঠিক তখনই ঘটে বিপত্তি। বাসের হাইড্রোলিক ব্রেকে পর্যাপ্ত ‘হাওয়া’ বা প্রেসার না থাকায় চালক তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

নিয়ন্ত্রণহীন বাসটি হুড়মুড় করে রাস্তার সীমানা পেরিয়ে নদীর পাড়ের খাড়া কিনারায় গিয়ে আটকে যায়। সামনের দুটি চাকা শূন্যে ঝুলে থাকায় যেকোনো মুহূর্তে এটি নদীতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়। পরিস্থিতি বেগতিক ও জীবন সংকটে দেখে চালক অত্যন্ত দ্রুততার সাথে গাড়ি থেকে লাফিয়ে নেমে প্রাণ রক্ষা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিসির রেকার এসে বাসটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এই ঘটনার পর ফেরিঘাট এলাকায় যত্রতত্র বাস-ট্রাক পার্কিংয়ের বিষয়টি নিয়ে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম চরম ক্ষোভ প্রকাশ করে বলেন “বারবার নিষেধ করা সত্ত্বেও চালকরা নির্ধারিত স্ট্যান্ডে গাড়ি না রেখে আমাদের ঘাট এলাকায় অবৈধভাবে পার্কিং করেন। আজ যদি বাসটি নদীতে পড়ে বড় দুর্ঘটনা ঘটত, তবে সবাই বলত ফেরিঘাটের অব্যবস্থাপনায় বাস নদীতে পড়েছে! অথচ চালকরা ৩ নম্বর ঘাটের ঝুঁকিপূর্ণ হাই ওয়াটার লেভেল এলাকায় নিয়ম ভেঙে গাড়ি রেখেছিলেন।”

ঘাট এলাকার বিশৃঙ্খলা নিয়ে মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. রুহুল কুদ্দুস চালকদের খামখেয়ালিপনাকে দায়ী করেছেন। তবে একই সাথে ঘাটের নিরাপত্তা ও তদারকিতে পুলিশের সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি।

তিনি জানান, বিশাল পাটুরিয়া ঘাট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মাত্র দুজন সদস্য দায়িত্ব পালন করেন। এত কম জনবল দিয়ে সার্বক্ষণিক তদারকি করা প্রায় অসম্ভব। তবে এই ঘটনার পর ট্রাফিক বিভাগ থেকে কঠোর নির্দেশনা জারি করা হচ্ছে। এরপরও যদি কোনো চালক নির্ধারিত স্ট্যান্ডের বাইরে অবৈধ পার্কিং করেন, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ও মোটা অঙ্কের জরিমানা করা হবে।