ডিবির পোশাকে ‘অপহরণ বাণিজ্য’: রূপগঞ্জে গণপিটুনির পর ৪ গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার!

0
ডিবির পোশাকে ‘অপহরণ বাণিজ্য’: রূপগঞ্জে গণপিটুনির পর ৪ গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার!

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘সিআইডি’ পরিচয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক কর্মকর্তাকে অপহরণচেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। ক্ষুব্ধ জনতার গণপিটুনির শিকার হওয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সেই চার সদস্যকে এবার অফিশিয়াল ফৌজদারি মামলায় গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাতে ভুক্তভোগী কর্মকর্তা অমিত হাসানের দায়ের করা অপহরণচেষ্টা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারকৃতরা হলেন—ঢাকা ডিবি (দক্ষিণ) বিভাগের এসআই মামুন মাতুব্বর, এএসআই আমান উল্লাহ, কনস্টেবল কবির আহমেদ ও কনস্টেবল আকাশ আহমেদ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ডিবির এই দলটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ‘অপহারণ ও মুক্তিপণ বাণিজ্য’ সিন্ডিকেট চালানোর ভয়ংকর অভিযোগ রয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত অমিত হাসান সোনারগাঁও থেকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় এক আত্মীয়ের সাথে দেখা করতে আসেন। এ সময় ডিবি পুলিশের ওই সদস্যরা নিজেদের সিআইডি পরিচয় দিয়ে জোরপূর্বক তাকে একটি প্রাইভেটকারে তোলার চেষ্টা করেন।

অমিত হাসান চিৎকার শুরু করলে স্থানীয় জনতা ছুটে এসে গাড়িটি ঘেরাও করে। ভুয়া অপহরণকারী সন্দেহে এসআই মামুন, এএসআই আমান ও কনস্টেবল কবিরকে ধরে গণধোলাই দেয় জনতা। উত্তেজিত জনতা তাদের পিকআপে করে পাশের আড়াইহাজার উপজেলার শান্তিনগর বাজারে নিয়ে দ্বিতীয় দফায় পিটুনি দেয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। ঘটনার রাতেই অভিযান চালিয়ে এই চক্রের সহযোগী কনস্টেবল আকাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর এই ডিবি কর্মকর্তাদের অন্ধকার জগতের আরও রোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, প্রাথমিক তদন্তেই এই পুলিশ সদস্যদের বিরুদ্ধে গুরুতর অপরাধের সত্যতা মিলেছে।

এই চক্রটি এর আগেও অমিত হাসানের দূর-সম্পর্কের মামা জয়নাল এবং সোনারগাঁওয়ের জাকির হোসেন নামে দুই ব্যক্তিকে সুকৌশলে অপহরণ করেছিল। পরে তাদের ঢাকার কেরানীগঞ্জে জিম্মি করে বিপুল অঙ্কের মুক্তিপণ বা অর্থ আদায় করা হয় বলে প্রমাণ পেয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চার ডিবি সদস্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, কোনো প্রকার অফিশিয়াল অনুমতি বা ডায়েরি (জিডি) ছাড়াই ঢাকা থেকে নারায়ণগঞ্জে এসে এই অপরাধমূলক ‘অভিযান’ চালাচ্ছিলেন।

বর্তমানে এই চার পুলিশ সদস্যই কড়া পুলিশ হেফাজতে রয়েছেন। রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে বিভাগীয় গুরুদণ্ডের পাশাপাশি ফৌজদারি মামলার তদন্ত একযোগে চলছে। এই সিন্ডিকেটের সাথে আর কোনো শীর্ষ কর্মকর্তা বা সাধারণ সোর্স জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।