
মহিনুল ইসলাম সুজন: তিস্তা পাড়ের উত্তরাঞ্চলীয় ৫টি জেলার দীর্ঘদিনের দুঃখ ও ভাঙন-আতঙ্ক দূর করতে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এবং আন্তর্জাতিক কারিগরি সহায়তায় বাস্তবায়িত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘তিস্তা মেগা প্রকল্প’। প্রায় ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পের সার্বিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই সরাসরি তদারকি করছেন।
শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা ও নীলফামারীর ডিমলা উপজেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প ‘তিস্তা ব্যারেজ’ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য নিশ্চিত করেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
পানি সম্পদ মন্ত্রী তাঁর বক্তব্যে ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “এই অঞ্চলের কৃষিতে অভূতপূর্ব বিপ্লব ঘটানোর লক্ষ্যে তিস্তা সেচ প্রকল্পের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁরই যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এবার তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়িত হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও যোগ করেন, “নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী এ অঞ্চলের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিস্তার দুঃখ তিনি চিরতরে দূর করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সেই প্রতিশ্রুতি রক্ষায় ইতিমধ্যে একাধিক উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন।”
মন্ত্রী জানান, মেগা প্রকল্পের প্রাথমিক সমীক্ষা এবং সমীকরণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ৯ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন বিশেষজ্ঞ প্রকৌশলী দল এই মহাপরিকল্পনার চূড়ান্ত রূপরেখা ও নকশা তৈরিতে দিনরাত কাজ করছেন। আগামী দুই-এক মাসের মধ্যেই এই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক মাঠপর্যায়ের যাত্রা শুরু হবে।
পরিকল্পিত নদী ড্রেজিং এবং টেকসই বাঁধ নির্মাণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, “আমরা যদি বিজ্ঞানসম্মত উপায়ে ড্রেজিং ও বাঁধ নির্মাণ করতে পারি, তবে এই অঞ্চলের মানুষকে প্রাকৃতিক বিপর্যয় থেকে আল্লাহ রক্ষা করবেন। তিস্তা শুধু উত্তরের নয়, সারা বাংলাদেশের দুঃখ। এই মেগা প্রকল্পের সুফল যখন দৃশ্যমান হবে, তখন এখানকার কৃষিভিত্তিক অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি গোটা বাংলাদেশের অর্থনৈতিক চেহারাই বদলে যাবে।”
সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি তিস্তা তীরবর্তী তীব্র নদীভাঙন কবলিত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের দুর্দশার খোঁজখবর নেন। এর আগে তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তিস্তা মেগা প্রকল্পের কারিগরি ও প্রকৌশলগত বিভিন্ন দিক নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।
হাইপ্রোফাইল এই ব্যারেজ পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও রোকন উদ্দিন বাবুল। এছাড়াও লালমনিরহাট ও নীলফামারী জেলার জেলা প্রশাসকসহ (ডিসি) প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
