রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ ছিল হাসিনার ব্যর্থ প্রজেক্ট; জান্নাত আরার সাথে বিচ্ছেদের খতিয়ান ও ‘মুবাহালা’র চ্যালেঞ্জ মামুনুল হকের

0
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ ছিল হাসিনার ব্যর্থ প্রজেক্ট; জান্নাত আরার সাথে বিচ্ছেদের খতিয়ান ও ‘মুবাহালা’র চ্যালেঞ্জ মামুনুল হকের

আজকের ডেস্কঃ ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে ঘটে যাওয়া বহুল আলোচিত সেই ঘটনা নিয়ে অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি ওই ঘটনার নেপথ্যের রাজনৈতিক চক্রান্ত, নিজের বিয়ে ও ২০২৫ সালে জান্নাত আরার সাথে বিবাহবিচ্ছেদসহ একাধিক বিস্ফোরক দাবি ও ব্যাখ্যা সামনে এনেছেন।

মাওলানা মামুনুল হক দাবি করেছেন, রয়েল রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ ছিল তৎকালীন ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের একটি ব্যর্থ রাজনৈতিক প্রজেক্ট, যার মূল উদ্দেশ্য ছিল তাকে ধর্মীয় ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ ধ্বংস করা।

ফেসবুক পোস্টে মামুনুল হক তৎকালীন আইন প্রয়োগকারী সংস্থা ও রাজনৈতিক কর্মীদের আচরণের তীব্র সমালোচনা করে লেখেন, “সেদিন পুলিশের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের ক্যাডার ও কিছু মিডিয়া কর্মী জোরপূর্বক কক্ষে প্রবেশ করে লাইভ সম্প্রচারের মাধ্যমে আমার ও আমার স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও চরম হেনস্তা করেছিল। পরিস্থিতি থেকে রক্ষা করতে আমি আমার স্ত্রীকে ওয়াশরুমে রাখলে নারী পুলিশ সেখানেও লাইভ ক্যামেরা নিয়ে প্রবেশ করে।”

তিনি আরও যোগ করেন, “৫০১ নম্বর কক্ষটি আজ আমার কাছে কোনো কলঙ্কের বিষয় নয়, বরং এটি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের পরাজয়ের দলিল। আমরা একে বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছি এবং ভবিষ্যতে তা উদযাপন করব।”

জান্নাত আরা (ঝর্ণা)-এর সাথে বিয়ে ও পারিবারিক জটিলতার বিষয়ে পোস্টে খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন খেলাফত মজলিসের আমির।

জান্নাত আরা আগে তার ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহিদুল ইসলামের স্ত্রী ছিলেন। পারস্পরিক সম্মতিতে তাদের বিবাহবিচ্ছেদের পর জান্নাত আরার আগ্রহে শরিয়তসম্মতভাবে তাদের বিয়ে হয়। ইসলামে একাধিক স্ত্রীর ক্ষেত্রে সমতা রক্ষার যে কঠিন বাধ্যবাধকতা রয়েছে, তা পুরোপুরি রক্ষা করা সম্ভব নাও হতে পারে—এমন শর্তেই জান্নাত আরা তাকে বিয়ে করেছিলেন।

উপমহাদেশে বহুবিবাহ একটি সামাজিকভাবে অত্যন্ত জটিল বিষয়। প্রথম পরিবারে যাতে কোনো অস্থিরতা তৈরি না হয় এবং দেশের প্রচলিত রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির আইনি জটিলতা এড়াতে এই বিয়েটি সামাজিকভাবে গোপন রাখা হয়েছিল। তবে তার প্রথম বিয়েতেও কোনো লিখিত কাবিননামা ছিল না এবং ইসলামে কাবিননামা বাধ্যতামূলক নয়।

মামুনুল হক প্রথমবারের মতো প্রকাশ করলেন যে, জান্নাত আরার সাথে তার বৈবাহিক সম্পর্ক ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্থায়ী ছিল। ২০২১ সালের ঘটনার পর তৈরি হওয়া নানা মানসিক দূরত্ব ও মনোমালিন্যের কারণে অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে পারস্পরিক আলোচনার ভিত্তিতে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। তবে কারাবাসসহ বিচ্ছেদের আগ পর্যন্ত তিনি জান্নাত আরার সমস্ত অধিকার ও ভরণপোষণ নিশ্চিত করেছিলেন বলে দাবি করেন।

তৎকালীন গোয়েন্দা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মামুনুল হক বলেন, “রিসোর্ট কাণ্ডের পর তৎকালীন এনএসআই (NSI) প্রধান আমার সাথে বৈঠক করেছিলেন। তিনি আমাকে হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার এবং ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কুপ্রস্তাব দেন। আমি সেই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করায় আমার ওপর রাষ্ট্রীয় নির্যাতন আরও বাড়িয়ে দেওয়া হয়।”

তিনি প্রশ্ন তোলেন, একজন নাগরিকের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করে তা রাষ্ট্রীয়ভাবে ফাঁস করার আইনি বৈধতা কোথায়? তিনি কোনো শরিয়তের আইন বা রাষ্ট্রীয় আইন ভঙ্গ করেননি বলে দাবি করেন।

মামুনুল হক জানান, জান্নাত আরার ছেলে আব্দুর রহমানকে চাপ দিয়ে আদালতে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আদালতে সাক্ষ্য দেওয়ার সময় সে প্রকৃত সত্য তুলে ধরায় চক্রান্তকারীদের ছক ভেস্তে যায়।

নিজের চরিত্রহননের এই অপচেষ্টাকে ইতিহাসের সাথে তুলনা করে তিনি হজরত আয়েশা (রা.)-এর বিরুদ্ধে ঐতিহাসিক অপবাদ রটনার প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “কুৎসা রটনাকারীদের চেঁচামেচিতে সত্য কখনো আড়াল হয় না।” একই সাথে অতীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তৎকালীন আওয়ামী লীগ সরকারের চালানো বিভিন্ন নোংরা চরিত্রহননের প্রচারণার উদাহরণও তিনি তার পোস্টে টেনে আনেন।

পোস্টের শেষ দিকে মাওলানা মামুনুল হক পবিত্র কোরআনের সূরা আল-ইমরানের ৬১ নম্বর আয়াত উদ্ধৃত করে তার বিরোধীদের প্রতি ‘মুবাহালা’ (একে অপরের প্রতি অভিশাপ বর্ষণের ধর্মীয় চ্যালেঞ্জ)-এর ওপেন আহ্বান জানিয়েছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, যারা তার এই বক্তব্য ও ব্যাখ্যাকে মিথ্যা মনে করে, তারা যেন প্রকাশ্যে তার সাথে এই মুবাহালার চ্যালেঞ্জে অংশ নেয়।