বিনোদন ডেস্কঃ চার বছর আগে বনানীর নিজ বাসা থেকে নাটকীয় অভিযানের মাধ্যমে গ্রেপ্তার হওয়া ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি অবশেষে সেই ‘অন্ধকার অধ্যায়’ নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক অনলাইন টকশোতে র্যাবের তৎকালীন এক শীর্ষ কর্মকর্তার বিস্ফোরক স্বীকারোক্তির পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ ও আবেগঘন পোস্টের মাধ্যমে তৎকালীন রাষ্ট্রীয় নিপীড়ন ও নিজের অপূরণীয় ক্ষতির খতিয়ান তুলে ধরেছেন এই তারকা।
গতকাল শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে দেওয়া ওই পোস্টে পরীমণি স্পষ্ট দাবি করেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘একটি বিশেষ মহলের স্বার্থ হাসিলে’ গ্রেপ্তার করা হয়েছিল। একই সাথে তিনি প্রশ্ন তুলেছেন—রাষ্ট্র কি তার হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি ও জীবনের মূল্যবান দিনগুলো ফিরিয়ে দিতে পারবে?
সাবেক র্যাব কর্মকর্তার স্বীকারোক্তি ও পরীমণির ধন্যবাদ
দীর্ঘদিন পর এই ঘটনাটি নতুন মোড় নেয় যখন র্যাবের তৎকালীন গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলাম একটি অনলাইন টকশোতে পরীমণির গ্রেপ্তার ও কারাবাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। মন্তব্যঘরে সেই ভিডিওর সূত্র ধরে খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পরীমণি লেখেন “দেরিতে হলেও আপনি এমন কিছু সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল যে ২০২১ সালের ৪ আগস্ট… তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে আমাকে অন্যায়ভাবে, সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল।”
মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে টানা ২০ দিন কারাগারে আটকে রাখার অভিজ্ঞতা স্মরণ করে পরীমণি বলেন, “সেই সময়ের অভিজ্ঞতা আমার জীবনকে কতটা ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে পুরোপুরি বোঝা সম্ভব নয়।”
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যেভাবে একজন সাধারণ নারী শিল্পীকে অপদস্থ করে তার চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।
পোস্টে কোনো প্রতিশোধ বা ক্ষোভের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার ও মানবিকতার দাবি জানিয়ে পরীমণি রাষ্ট্রের উদ্দেশ্যে তিনটি মৌলিক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন:
“রাষ্ট্রীয় সেই সাজানো মামলা থেকে মাননীয় আদালত হয়তো আমাকে অব্যাহতি দিবেন। কিন্তু আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব?” “যে জীবন, যে সম্মান, যে মানসিক শান্তি আমি হারিয়েছি, তা কি আর কখনও ফিরে পাব?” “মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে?”
বিতর্কিত তকমা মুছে একজন খাঁটি শিল্পী হিসেবে বাঁচতে চাওয়া পরীমণি সবশেষে লিখেছেন, “আমি অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। আমি বাঁচতে ভালোবাসি আর আমার কাজ, আমার সন্তান, আমার পরিবার ও আমার দর্শকদের ভালোবাসা নিয়েই আমি বাকি জীবন বাঁচতে চাই।” একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমণিকে গ্রেপ্তার করে র্যাব-১। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়, যা বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
এর মাত্র দুই মাস আগে, ২০২১ সালের ৮ জুন সাভারের ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছিলেন পরীমণি। সেই মামলাটিও বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এ সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। সাবেক র্যাব কর্মকর্তার নতুন এই স্বীকারোক্তি পরীমণির মাদক মামলার আইনি মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

