খুলনা ব্যুরোঃ খুলনার প্রান্তিকা আবাসিক এলাকায় ১৬ বছর বয়সী কিশোরী আরফানা হোসেন নির্জনার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের লোমহর্ষক ও চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করেছে পুলিশ। একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকার ‘অপরাধে’ নিজের জন্মদাতা বাবা ও মায়ের হাতেই নির্মম খুনের শিকার হতে হয়েছে এই কিশোরীকে। হত্যার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে মরদেহ প্লাস্টিকের বস্তায় ভরে গলির ভেতর ফেলে আসেন স্বয়ং মা-বাবা।
আজ শনিবার (১১ জুলাই) সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে এই ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করল পুলিশ।
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে নির্জনার মা আরিফা ইয়াসমীন সীমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় দেওয়া সীমার জবানবন্দির বরাতে পুলিশ জানায়, নিহত নির্জনা সোনাডাঙ্গার বসুপাড়া বাঁশতলা এলাকার আলীম হোসেন আকাশের মেয়ে। একাধিক ছেলের সাথে নির্জনার সম্পর্কের বিষয়টি নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে চরম অশান্তি ও কলহ চলছিল।
ঘটনার রাতে মা ও মেয়ের মধ্যে এই নিয়ে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মা আরিফা ইয়াসমীন সীমা মেয়েকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন। চিৎকার শুনে পাশের কক্ষ থেকে কাঠের বাতা (কাঠের টুকরো) নিয়ে ছুটে আসেন বাবা আলীম হোসেন আকাশ। তিনি মেয়েকে আঘাত করতে গেলে তা সরাসরি নির্জনার মাথায় লাগে। এতে প্রচণ্ড আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থালেই তার মৃত্যু হয়।
মেয়ের মৃত্যুর পর আইনি জটিলতা ও সামাজিক কলঙ্ক থেকে বাঁচতে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেন এই দম্পতি। রাতের আঁধারে নির্জনার মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে তারা খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকার একটি নির্জন গলিতে ফেলে দিয়ে আসেন। আদালতে জবানবন্দি দেওয়ার পর মা সীমাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে তার দাবি—স্বামী আকাশ শরীরে আঘাত করতে চেয়েছিলেন, কিন্তু দুর্ঘটনাবশত তা মাথায় লেগে যায়।
“পারিবারিক কলহ ও নৈতিক অবক্ষয়ের জেরে এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। পুলিশ বাদী হয়ে ঘাতক বাবা-মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মা গ্রেপ্তার হলেও পলাতক বাবা আলীম হোসেন আকাশকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” — মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ কমিশনার, কেএমপি।
গত ৮ জুলাই রাতে খুলনা সদর থানার প্রান্তিকা আবাসিক এলাকা থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে এক কিশোরীর প্লাস্টিকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে আঙুলের ছাপ ও তদন্তের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন নির্জনার বাবা আকাশ। তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কেএমপি।

